
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক ও সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছেন। হরতালের প্রথম দিন রবিবার (২৬ জুলাই) সকাল থেকেই নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকায় এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
আন্দোলনকারীরা সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ ও ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন, যার ফলে গণপরিবহনসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহনহীন সড়কগুলো অনেকটাই ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। হরতালের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখায় বাজারগুলোতে স্বাভাবিক দিনের কোলাহলের পরিবর্তে নীরবতা বিরাজ করছে।
আন্দোলনকারীদের দাবি, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক স্থানে স্থাপনের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এছাড়া হরতালের দ্বিতীয় দিনেও এই কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, সকাল থেকে হরতাল শুরু হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :