Facebook Twitter Instagram YouTube

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা: জামায়াতের জেলা সম্পাদকের পদ হারালেন সুজাউদ্দিন


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ /
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা: জামায়াতের জেলা সম্পাদকের পদ হারালেন সুজাউদ্দিন

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে দলের নতুন জেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তিনি দলের সদস্য বা রুকন হিসেবে সাংগঠনিক কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এই দলীয় নীতির আলোকেই জেলা সেক্রেটারির পদে রদবদল আনা হয়েছে। সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সবার সম্মতিক্রমে এনামুল হককে এই নতুন দায়িত্ব দেওয়া হয়।

পদ হারানো প্রসঙ্গে সুজাউদ্দিন জোয়ার্দার জানান, তিনি সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সানন্দে মেনে নিয়েছেন। তিনি বলেন, সংগঠনের এই নির্দেশনার প্রতি তার কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরও উল্লেখ করেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তৎকালীন সময়ে গঠনতন্ত্রের এই বিধানটি শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো সমস্যা ছিল না। তবে ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে আবারও তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে শুধু কুষ্টিয়াতেই নয়, সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শূন্য পদগুলোতে নতুনদের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক জানিয়েছেন, দলের নির্দেশনা মেনে তিনি নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।