
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশের স্বাস্থ্যখাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে দুর্নীতির নতুন সুযোগ তৈরি হচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্যখাত দীর্ঘ সময় ধরে আমলাতান্ত্রিক জটিলতা, চিকিৎসক ও নার্স সংকট এবং কাঠামোগত দুর্বলতায় ভুগছে। এসব সমস্যার মৌলিক সংস্কার ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে দায়িত্ব পালনকারী বা সরকার-সমর্থক নন এমন চিকিৎসকদের পরিকল্পিতভাবে বদলি করা হচ্ছে। এছাড়া সরকারি বিভিন্ন সুবিধা ও কার্ড বিতরণের ক্ষেত্রেও দলীয়করণের প্রবণতা স্পষ্ট। তিনি দাবি করেন, কৃষক কার্ড ও চিকিৎসা কার্ডসহ সরকারি বিভিন্ন উদ্যোগের সুফল কেবল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই পাচ্ছেন।
নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের প্রধান দাবি ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে বর্তমান সরকার শুরু থেকেই নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :