
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত গণপূর্ত বিভাগের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সংসদ ভবনের মূল ভবনে থাকা গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এই আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :