Facebook Twitter Instagram YouTube

জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিংমলে আটকা বহু মানুষ


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিংমলে আটকা বহু মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে দ্বীপটির অভ্যন্তরে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে কুমামোতো শহরের একটি বড় শপিং সেন্টারের একাংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কুমামোতোর অ্যিয়ন মলের ২০ থেকে ৩০ জন কর্মচারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তারা ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পনের পরপরই মলে বিস্ফোরণ ও ধোঁয়ার সৃষ্টি হয়। তবে মলের কর্মীরা দ্রুত ক্রেতাদের ভবন থেকে বের করে আনার চেষ্টা করেন। যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতরে তাক ঝুলে পড়েছে এবং টাইলস ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এছাড়া মলের দক্ষিণ পাশের পার্কিং এলাকার দেয়াল ও ছাউনি ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ভূমিকম্পের তীব্রতায় ১৭শ শতকে নির্মিত ঐতিহাসিক কুমামোতো দুর্গের প্রাচীরের একটি অংশও ধসে পড়েছে। এছাড়া ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি চিমনি ধসে পড়ার ঘটনায় কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আহতের খবর পাওয়া গেছে এবং উদ্ধার তৎপরতায় ৩ হাজার ৬০০ সদস্যের সেলফ-ডিফেন্স ফোর্স মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি কমানো এবং আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চলবে।

দুর্যোগের পর জাপানের আবহাওয়া সংস্থা এখন পর্যন্ত ৬১টি আফটারশক রেকর্ড করেছে, যার তীব্রতা ১ থেকে ৬-এর মধ্যে। সংস্থাটি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী কম্পনের বিষয়ে সতর্ক করেছে। বিশেষ করে দ্বিতীয় দিনের বড় আফটারশকের ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের রেডিও ও টেলিভিশনের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্পের প্রভাবে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাজারো বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলে সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin