Facebook Twitter Instagram YouTube

চিকিৎসা ব্যবস্থায় আন্তর্জাতিক দক্ষতা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ /
চিকিৎসা ব্যবস্থায় আন্তর্জাতিক দক্ষতা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা ও প্রযুক্তির সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা যদি দেশেই নিশ্চিত করা যায়, তবে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে এবং চিকিৎসা খরচ কমার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।

সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফ্যাটি লিভারের সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও তারা এ বিষয়ে সচেতন নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে এই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ঝুঁকি মোকাবিলা করা প্রয়োজন।

চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততা শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নে সহায়ক হবে। অন্যান্য মেডিকেল কলেজগুলোকেও এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানান। মন্ত্রী এই দাবিকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সাইমন টেইলর রবিনসন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh