Facebook Twitter Instagram YouTube

চেকের টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১:০১ অপরাহ্ণ /
চেকের টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় পাওনাদারের টাকা সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা সম্পন্ন হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া বা কারাগারে পাঠানো সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন যে, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাবন্দি রাখা নয়, বরং পাওনা টাকা আদায় নিশ্চিত করা।

বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় গত ৬ সেপ্টেম্বর এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষ ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষে আইনজীবী মো. জিসান মাহমুদ ও তাসনুভা কায়সার এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি) উপস্থিত ছিলেন।

হাইকোর্ট তার রায়ে সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করেছেন, কারণ তিনি চেকের টাকা ও ব্যাংকের পাওনাদি পুরোপুরি পরিশোধ করে আপস-মীমাংসা করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে, আপিলের পূর্বে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor