Facebook Twitter Instagram YouTube

মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করার জরুরি নির্দেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ /
মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করার জরুরি নির্দেশ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৭। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের এই প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যেই এই কোর্সটি সম্পন্ন করতে হবে।

শিক্ষকরা মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে তাদের নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ কোর্সটি মোট ছয়টি মডিউলে বিভক্ত। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক। এই কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। এই সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh