Facebook Twitter Instagram YouTube

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরায়েলের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ /
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরায়েলের

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার জেরে কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ঘোষণা করেছেন যে, পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেটটি বন্ধ করে দেয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, যুক্তরাজ্য ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ার কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় মিশনে যুক্তরাজ্য আর অংশগ্রহণ নিতে পারবে না। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে যুক্তরাজ্য পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে, নির্বাচিত কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা ও অন্যান্য কিছু নাগরিকের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের করা অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে গিডিয়ন সার বলেন, ব্রিটিশদের এই পদক্ষেপ নৈতিকভাবে বিকৃত। তিনি আরও দাবি করেন, এটি একটি সার্বভৌম রাষ্ট্র ও তার নির্বাচনি প্রক্রিয়ার বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ। এছাড়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, যুক্তরাজ্য সরকার ইহুদিবিদ্বেষের উত্থানে ভূমিকা রাখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh