
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে সোমবার রাত ৩টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দ্রুত আশপাশের কক্ষে ছড়িয়ে পড়লে বায়েকের সার্ভার রুমসহ বেশ কয়েকটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ নথিপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানিয়েছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়। রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলামও অগ্নিকাণ্ডের ফলে বায়েকের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের প্রভাবে পাওনিয়ার বেজসহ পার্শ্ববর্তী দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাস্টমস ভবন ও ক্যান্টিনে বিদ্যুৎ না থাকায় পানির তীব্র সংকটও দেখা দিয়েছে, যা প্রচণ্ড গরমের মধ্যে কর্মরত শ্রমিকদের চরম দুর্ভোগে ফেলেছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
সার্ভার রুমে আগুন লাগায় গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অগ্নিকাণ্ডের বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) ড. করিব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্তও প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
আপনার মতামত লিখুন :