
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে নিজের বাড়ি ফিরছিলেন হানিফ। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, আনসার সদস্যকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :