Facebook Twitter Instagram YouTube

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ /
মানবিক বাংলাদেশে সাংবাদিকদের হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ১৯ (12-09-2026, 06:19)

বাংলাদেশে সত্যনির্ভর সাংবাদিকতার পরিবেশ তৈরি এবং গণমাধ্যমকর্মীদের সব ধরনের হয়রানি ও ক্ষতির ঝুঁকি থেকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে গণমাধ্যমকর্মীরা সত্যের পক্ষে নির্ভয়ে কাজ করতে পারবেন এবং অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানি বা ক্ষতির মুখে পড়বেন না।

গত শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুবায়ের উল্লেখ করেন, দেশের সাংবাদিকতা অঙ্গনে বর্তমানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যার কারণে নির্ভীক সাংবাদিকরা প্রায়শই কোণঠাসা হয়ে পড়েন। ফ্যাসিবাদের বিদায় ঘটলেও এখনো অনেকে ভিন্ন রূপ ধারণ করে সক্রিয় রয়েছে বলে তিনি সতর্ক করেন।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, কায়েমী ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত এবং গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। এই অপশক্তি সবসময় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং সুযোগ পেলেই আক্রমণ করছে। এ কারণে সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই কায়েমী শক্তি অনেক গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে সাময়িকভাবে সরকারকে সুবিধা দিলেও, ভবিষ্যতে তারা উল্টো আঘাত হানবে—এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতি মোকাবিলায় যেকোনো ঘটনার তাৎক্ষণিক ও সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করে সত্য তুলে ধরার জন্য দলের প্রচার বিভাগের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এই কর্মশালাটি সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন প্রবীণ সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা। এছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী এবং দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীন। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা এই কর্মশালায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh