Facebook Twitter Instagram YouTube

নিয়ন্ত্রণ নয়, তথ্য মন্ত্রণালয়ের কাজ রেগুলেট করা: আন্দালিব রহমান পার্থ


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ /
নিয়ন্ত্রণ নয়, তথ্য মন্ত্রণালয়ের কাজ রেগুলেট করা: আন্দালিব রহমান পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক মনোভাব পরিহার করে নিয়মকানুন যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ অবশ্যই রেগুলেট করা, তবে তা যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের রূপ না নেয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নতুন এই দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরাকে মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে মুক্তিযুদ্ধসহ দেশের সব গৌরবময় জাতীয় অর্জনগুলোতে ইতিবাচক প্রভাব বজায় রাখার ব্যাপারেও তিনি গুরুত্ব দেন।

দেশের এক কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজে ভুলত্রুটি হওয়া স্বাভাবিক, তবে নৈতিকতার প্রশ্নে তারা অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন। বিগত জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, তাদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

অতীতের ক্ষতিগুলো মেরামত করে একটি নতুন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, নিজেদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন কোনো অন্যায় না ঘটে, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে সবাইকে একসঙ্গে দলগতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin