
কমিশন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত না হওয়ায় আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ওইদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কঠোর কর্মসূচির কথা জানানো হয়।
সংগঠনের নেতারা দাবি করেন, সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। তারা জানান, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বর্তমানে চরম সংকটের মুখে পড়েছেন। এই বাস্তবতার নিরিখে কমিশন পুনর্নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা স্পষ্ট করেন যে, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। তবে সরকার চাইলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পথ খোলা থাকবে বলেও তারা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :