Facebook Twitter Instagram YouTube

কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে তেহরান। শনিবার সকালে ঘটা এই হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে, যার ফলে একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতে ইরান কখনোই হস্তক্ষেপ করেনি। এই বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন যে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় বড় ধরনের সাফল্য পেয়েছে। তিনি জানান, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত জাহাজ এবং একটি যুদ্ধজাহাজও ছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ টেলিগ্রামে জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা এবং ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত মালবাহী জাহাজগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।

ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি এই হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে কঠোর জবাব দাবি করেছেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান স্পষ্টভাবে সতর্ক করেছে যে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh