
হরমুজ প্রণালীকে এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানির একটি বিকল্প ও গুরুত্বপূর্ণ পথ চালুর লক্ষ্যে ইরাক এবং সিরিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত 'ইউএস-ইরাক বিজনেস কাউন্সিল' বৈঠক চলাকালীন গত শুক্রবার এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ইরাকের তেলক্ষেত্রগুলো থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত একটি প্রধান রপ্তানি পথ পুনর্নির্মাণ ও পুনর্বাসন করা।
চুক্তিতে ইরাকের পক্ষে বসরা অয়েলের কোম্পানির প্রধান বাসেম আবদুল করিম নাসর এবং সিরিয়ার পক্ষে সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউসেফ কাবলাউই স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা এই প্রকল্পটিকে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক কৌশলগত গুরুত্বসম্পন্ন একটি "অগ্রাধিকারমূলক অবকাঠামো প্রকল্প" হিসেবে বর্ণনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, এই প্রকল্পের প্রযুক্তিগত এবং আর্থিক দিকগুলো বাস্তবায়নের জন্য একটি মার্কিন-নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অংশগ্রহণকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘোষণাটি এই অঞ্চলের জন্য এবং সিরিয়া-ইরাক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উভয় দেশই এই পাইপলাইনটি চালুর কৌশলগত উদ্দেশ্য ও গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। প্রাথমিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২০ লাখ (২ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা থাকবে।
আপনার মতামত লিখুন :