
প্রকৌশল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত প্রজেক্ট তৈরির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। 'কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস' শীর্ষক এই আয়োজনে শিক্ষাবিদ ও প্রকৌশল বিশেষজ্ঞরা অংশ নেন।
কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। তিনি জটিল প্রকৌশল সমস্যাগুলো চিহ্নিত করার উপায় এবং বর্তমান শিল্প খাতের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কীভাবে মানসম্মত ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আধুনিক নকশা প্রণয়ন পদ্ধতি এবং ওয়াশিংটন অ্যাকর্ড, বিএইটিই (BAETE) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) নির্দেশনা মেনে আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বা ফলাফল-ভিত্তিক শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।
কর্মশালাটিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানগণসহ প্রায় অর্ধশত শিক্ষক অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষার্থীদের প্রজেক্ট মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত বিনিময় করেন।
আপনার মতামত লিখুন :