Facebook Twitter Instagram YouTube

স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ বৈধ প্রার্থী হতে পারবেন: প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ বৈধ প্রার্থী হতে পারবেন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ না থাকায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী এতে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, এখানে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন করছে না, কারণ সেখানে দলীয় মনোনয়ন বা প্রতীক থাকছে না।

বিএনপির কৌশল প্রসঙ্গে মীর শাহে আলম জানান, বিএনপি স্থানীয়ভাবে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো বিশেষ অবস্থান নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের মূল দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা। যেহেতু নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না, তাই আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সেজন্য কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh