
জালিয়াতির অভিযোগ নিয়ে চলমান তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। রয়টার্সের দেখা পদত্যাগপত্র অনুযায়ী, তিনি গত বুধবার (৯ সেপ্টেম্বর) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ উল্লেখ করেন যে, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং এর ফলে ডব্লিউএইচও নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। পাশাপাশি, প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বাংলাদেশের একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগের বিষয়টিও তুলে ধরেন। তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটি পেয়েছিলেন এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি এই জমি পাওয়ার অধিকারী ছিলেন।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেও, গত বছরের শেষ দিকে ডব্লিউএইচও তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছিল। এর আগে গত বছরের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে জুলাই মাসে তাকে প্রথম ছুটিতে পাঠানো হয়েছিল। এছাড়া গত ৩ জুলাই পুতুলের আইনজীবীদের দেওয়া একটি চিঠি অনুযায়ী, চীন সফরকালে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগে সংস্থাটি তাকে অভিযুক্ত করেছিল, যদিও পুতুল এই অভিযোগগুলো অস্বীকার করেছেন।
আপনার মতামত লিখুন :