Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ /
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুরক্ষা ও প্রসারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হংকংয়ে আয়োজিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে বুধবার এই ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ)’ চুক্তিটি সই হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে এতে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই চুক্তির ফলে দুই অঞ্চলের বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা নিশ্চিত হবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে। এটি উভয় দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, হংকং বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস। গত পাঁচ বছরে বাংলাদেশ হংকং থেকে প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। এর মধ্যে ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার। নতুন এই চুক্তির ফলে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আইপিপিএ স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin