Facebook Twitter Instagram YouTube

পাঁচ মাসেও আলোর মুখ দেখেনি শাবিপ্রবি শাকসু নির্বাচন


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ /
পাঁচ মাসেও আলোর মুখ দেখেনি শাবিপ্রবি শাকসু নির্বাচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৯ হাজার শিক্ষার্থী ২৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের প্রতিনিধিদের নির্বাচিত করার অপেক্ষায় ছিলেন। তবে নির্বাচনের মাত্র ১৯ ঘণ্টা আগে গত ১৯ জানুয়ারি উচ্চ আদালতের এক আদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়। সেই চার সপ্তাহের স্থগিতাদেশ পেরিয়ে বর্তমানে পাঁচ মাস ২৪ দিন অতিবাহিত হলেও নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

নির্বাচন স্থগিতের ওই ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছিলেন। আদালতের আদেশের পরপরই তারা প্রশাসনিক ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকে রাত ১টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। শেষপর্যন্ত রাত ১টার দিকে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।

উল্লেখ্য যে, শাকসু ও হল সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। নির্বাচন বন্ধে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার বেলায়েত হোসেন ও সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। ১৯ জানুয়ারি শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানিয়েছিল।