
মাদারীপুরের শিবচর উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারে পাটের সন্তোষজনক দাম পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাটে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার শেখপুর এলাকার কৃষক মাসুম তাইয়ানী জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভের আশা করছেন তিনি।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করায় ফলন সন্তোষজনক হয়েছে এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে।
স্থানীয় পাট ব্যবসায়ীরা জানান, শিবচর পৌর বাসস্ট্যান্ড হাট, মাদবরচর হাট, উতরাইল হাট, কুতুবপুর হাট ও চান্দেরচর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা পাট কিনতে আসছেন। উন্নতমানের আঁশের কারণে শিবচরের পাটের আলাদা সুনাম রয়েছে, যার ফলে বাজারে ভালো দাম মিলছে। কৃষকদের আশা, বর্তমান মূল্য স্থিতিশীল থাকলে তারা আরও লাভবান হবেন। সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বৃদ্ধি, উন্নত সংরক্ষণ ব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে ‘সোনালি আঁশ’ পাট আবারও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :