
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৬। হবিগঞ্জের লাখাইয়ে একটি বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মানিক সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সালেহা বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় মুরগির খোঁয়াড়ের ভেতরের মাটি খুঁড়ে একটি ডিব্বা উদ্ধার করা হয়। ডিব্বাটি তল্লাশি করে ১২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়, যার মোট ওজন ৪৫০ গ্রাম।
এসআই মানিক সাহা জানান, মাদক কারবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সালেহা বেগমকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচে কৌশলে মাদক লুকিয়ে রাখার এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। লাখাই থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক সংরক্ষণ, কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :