Facebook Twitter Instagram YouTube

কুষ্টিয়ায় কবর থেকে পীরের লাশ তুলে দরবারে দাফনের অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ /
কুষ্টিয়ায় কবর থেকে পীরের লাশ তুলে দরবারে দাফনের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দাফন করা লাশ কবর থেকে তুলে তার দরবারে পুনরায় দাফন করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পীরের ভক্তরা কবর থেকে লাশটি তুলে নিয়ে দরবারে দাফন করেন। বিষয়টি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, পীর শামীম নিহত হওয়ার পর থেকেই তার ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে পীরকে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারায় ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন সম্পন্ন করেন।

পীর শামীমের ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পেয়েই তারা পুলিশ প্রশাসনকে খবর দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবরস্থান থেকে কে বা কারা উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করেছে—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিক্ষুব্ধ জনতা পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin