
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া। মৃত্যুর পর এটি তার প্রথম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। তবে তার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে এবার খালেদা জিয়ার তৃতীয় জন্মদিন পালন করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তিনি স্থায়ী মুক্তি পান। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপি ১৫ আগস্টে কেক কেটে জন্মদিন পালনের পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিলের পথ বেছে নিয়েছে।
দীর্ঘদিন নানা রোগে ভুগে চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুল মানুষ অংশ নেন এবং পরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার পর তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি তিন দফায় প্রধানমন্ত্রী এবং দুবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন।
ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে এবং ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাবন্দি ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় কারাগারে যান তিনি। করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসা নিচ্ছিলেন।
আজ বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বগুড়ার শিবগঞ্জেও উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জুমা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :