
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে বাজারের 'নজরুল ইলেক্ট্রনিক ও স্যানেটারী' নামক দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পরদিন বুধবার সকালে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে যান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
অগ্নিকাণ্ডের বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছিল।
আপনার মতামত লিখুন :