
বাংলাদেশি রোগীদের জাপানে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ সহজ করতে এবং সুযোগ বাড়াতে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (জিমকা) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে চিকিৎসা পর্যটন এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতা বৃদ্ধি করা।
আয়োজকরা জানিয়েছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের যাতায়াত ও চিকিৎসাসংক্রান্ত সমন্বয় সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি, জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশি রোগীদের জানার সুযোগ আরও বাড়বে।
অনুষ্ঠানে ‘জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিরোমাসা ওতাকে বক্তব্য দেন। তিনি হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) এবং জটিল করোনারি ইন্টারভেনশনে তার অভিজ্ঞতা তুলে ধরেন। আন্তর্জাতিক চিকিৎসা যোগাযোগবিষয়ক অধিবেশনে কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল কমিউনিকেশন সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিমকার সেক্রেটারি জেনারেল কাতসুয়া সাকাগামি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড পরিচালক ফুতোশি কোনো উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি এ এম আর মজুমদার লিটন, শাব্বির আহমদ তামিম ও আবদুর রশিদ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুফাসসেরুল হকসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, বিএমটিএ ২০২১ সাল থেকে বাংলাদেশে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব নিয়ে কাজ করছে। অন্যদিকে, জাপানে চিকিৎসা নিতে আগ্রহী আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করে জিমকা।
আপনার মতামত লিখুন :