
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীরতর করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই জাপান সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। আগামী ২৬ অক্টোবর থেকে এই সরকারি সফর শুরু হবে।
জাপানি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফরটি আয়োজিত হচ্ছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে জাপানি প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
পররাষ্ট্রসচিব জানান, দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এসব বিষয়ে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে কাজ করছে দুই পক্ষ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরের ফলে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা এই সফরে আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া জাপানের ব্যবসায়ী নেতা, জাইকা (JICA), জেবিআইসি (JBIC), জেট্রো (JETRO) এবং সাকাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাগোয়ায় টয়োটার উৎপাদন প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র এবং একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও দুই নেতা আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে জাপানি সহায়তার বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে পররাষ্ট্রসচিব উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :