
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের এই সফরে তার ঢাকায় আসার কথা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের সফরই স্থগিত করা হয়েছে। এর আগে গত ২২শে নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের ৪ঠা অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। ওই সফরে তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।
আপনার মতামত লিখুন :