Facebook Twitter Instagram YouTube

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এমবাপ্পের সামনে শেষ সুযোগ


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ /
গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এমবাপ্পের সামনে শেষ সুযোগ

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন মনে করলেও, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য এই ম্যাচটি ব্যক্তিগত অর্জনের এক বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা এই ফরাসি তারকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন কি না, তা নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

শনিবার (১৮ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন দেশম। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এমবাপ্পে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন।

চলতি বিশ্বকাপে এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফ্রান্স শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও ব্যক্তিগত সাফল্যের সুযোগ এখনো তার সামনে রয়েছে। বর্তমানে তার গোলসংখ্যা ৮, যা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত মেসি এগিয়ে রয়েছেন। ফিফার নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের মধ্যে যোগ হয়। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পে গোল করতে পারলে পুরস্কারটির লড়াইয়ে নতুন মোড় আসতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, কিছু খেলোয়াড় খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ কেউ নাও খেলতে পারে। তবে একজন প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব হলো আগামী ম্যাচে সেরা ফল পাওয়ার জন্য যা যা প্রয়োজন, তা করা। আমরা সেটাই করার চেষ্টা করব। দলের সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি আরও বলেন, আমার কাছে কিছু বিকল্প পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনার বিষয়গুলো প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলতে পারি, আমি দলে কিছু পরিবর্তন আনব।

দেশমের বক্তব্যে স্পষ্ট যে, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য এমবাপ্পে প্রস্তুত রয়েছেন। আর তিনি যদি গোল করতে না পারেন, কিংবা মাঠেই না নামেন, তাহলে গোল্ডেন বুট জয়ের পথে লিওনেল মেসি এক ধাপ এগিয়ে থাকবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin