
নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৯৫ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪ দশমিক ৭৫০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধিরা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, এটি ১১-১২ শতকের উচ্চমানের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মঙ্গলবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গত সোমবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের পুরাতন আকাশমনি বাগানে একটি চোরাকারবারী চক্র মূর্তিটি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালায়। অভিযানটি সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির কর্মকাররা প্রাথমিকভাবে এটি কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটি ১১–১২ শতকের উচ্চমানের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আপনার মতামত লিখুন :