Facebook Twitter Instagram YouTube

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ /
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের, কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ (কেআইবি) 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। যখন জনগণ সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা একক কোনো রাজনৈতিক দলের নয়। বিগত ১৭ বছর ধরে এই দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেকগুলো রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। আমরা কখনোই মাঠ ছেড়ে যাইনি এবং জনগণকে একা ফেলে চলে আসিনি।

সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রামের কথা হয়েছে এবং তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বলেন, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখার। একইসঙ্গে জনগণকে সতর্ক করা এবং জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা ও জনগণের প্রত্যাশাগুলো পূরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin