
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চলমান মাদক মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে শুনানি পেছানোর জন্য আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর এসেছে এবং সোমবার সন্তানের জন্মদিন হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত তার এই সময় আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের দাবি জানায় র্যাব। এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং এক মাস কারাভোগের পর তিনি মুক্তি পান। সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।
এর আগে, মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেছিলেন। অভিযোগ গঠনের পর পরীমনি মামলাটি বাতিলের আবেদন নিয়ে হাইকোর্টে যান। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলাটি পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :