Facebook Twitter Instagram YouTube

কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ / ০
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের

তুরস্কের আনতালিয়ার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল বুধবার বেলা পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়ে আলোচনা করেন তিনি। একই দিন বিকেল সাড়ে ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এসব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলনস্থলে উদ্বোধনী অনুষ্ঠানের আগে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন।

বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও ফার্স্টলেডি আমিনা এরদোয়ানের আয়োজনে গ্রিন জোনে আয়োজিত নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গত মঙ্গলবার তিন দিনের সফরে তিনি তুরস্কে পৌঁছান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh