Facebook Twitter Instagram YouTube

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ /
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরের ধারাবাহিকতায় এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। নিউইয়র্ক ছাড়াও তার সানফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য নয় দিনের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নোট ভার্বালের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তৃতার পাশাপাশি তিনি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠান ও আয়োজনেও অংশগ্রহণ করবেন। এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র সফরকালে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় ভারত সফরের বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor