Facebook Twitter Instagram YouTube

নবাবগঞ্জে শিশুদের সাথে নিয়ে তালগাছের চারা রোপণ করলেন ফয়সাল কবির


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ /
নবাবগঞ্জে শিশুদের সাথে নিয়ে তালগাছের চারা রোপণ করলেন ফয়সাল কবির

পরিবেশের ভারসাম্য বজায় রাখা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস করা এবং সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির। তিনি স্থানীয় শিশুদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে তালগাছের চারা রোপণ করছেন।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওগা মাদ্রাসা মোড় এলাকায় চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম ধাপে ফয়সাল কবির নিজের উদ্যোগে ২০০টি তালগাছের চারা রোপণ করছেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ও অন্যান্য উপযুক্ত স্থানে মোট ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি।

এই কর্মসূচির অন্যতম প্রধান দিক হলো শিশুদের সম্পৃক্ত করা। ফয়সাল কবির কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত হচ্ছেন না, বরং শিশুদের হাতে চারা তুলে দিয়ে তাদের দিয়ে গর্তে চারা বসানোর কাজ করাচ্ছেন এবং চারা পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় ধারণা দিচ্ছেন। এর উদ্দেশ্য হলো ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলা।

এ বিষয়ে মো. ফয়সাল কবির বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা নিজের হাতে যে গাছটি রোপণ করবে, সেটির প্রতি তাদের আলাদা মায়া ও দায়িত্ববোধ তৈরি হবে। মূলত এই লক্ষ্য থেকেই তিনি পর্যায়ক্রমে মোট ২ হাজার ৩০০টি তালগাছ রোপণের এই উদ্যোগ নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh