Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ /
কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের পৌর বাসটার্মিনাল সংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে পুলিশ হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামের আব্দুল খালেক মজুমদারের ছেলে। হোটেল সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই ওই হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেলের নথি অনুযায়ী শুক্রবার সকাল ১১টার দিকে তার চেকআউট করার কথা ছিল। নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্মীরা দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি কক্সবাজার সদর থানায় জানানো হয়।

বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, মেডিকেল রিপোর্ট ও ব্যক্তিগত মালামাল জব্দ করেছে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবছার তার কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin