
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই লিগটির জৌলুস ও আকর্ষণ বহুগুণ বেড়ে গেছে। তবে এবারের গ্রীষ্মকালীন দলবদলে যেন ইউরোপের প্রতিষ্ঠিত তারকাদের ঢল নেমেছে মার্কিন ফুটবলে। মৌসুমের দ্বিতীয় দলবদলের উইন্ডো বন্ধ হতে এখনো তিন সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে বিশ্বজয়ী ও ইউরোপ মাতানো বেশ কয়েকজন বড় তারকা নাম লিখিয়েছেন এমএলএসে। আগামী ২ সেপ্টেম্বর বন্ধ হবে এই দলবদলের দরজা।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান গত ১৩ জুলাই যোগ দিয়েছেন অরল্যান্ডো সিটিতে। ২০১৬ ও ২০১৮ সালে ব্যালন ডি’অরে তৃতীয় হওয়া এই তারকা নিজের অভিষেক ম্যাচেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে দলের ৪-০ গোলের জয়ে গোল পেয়েছেন তিনি, যা ছিল ক্লাব ফুটবলে তাঁর ক্যারিয়ারের ৩০০তম গোল।
গ্রিজমানের আগে এমএলএসের দল শিকাগো ফায়ারে নাম লিখিয়েছেন আরেক গোলমেশিন রবার্ট লেভানডফস্কি। জুনের শেষ দিকে বার্সেলোনা ছেড়ে আসা ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার নিজের তৃতীয় ম্যাচেই শার্লটের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন। ইউরোপীয় ফুটবলে নিয়মিত প্রতি মৌসুমে ২০ থেকে ৩০টির বেশি গোল করা লেভা ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের ঐতিহাসিক ছয় ট্রফি জয়ের পথে ৫৫ গোল করেছিলেন। সে বছর করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর বাতিল না হলে তিনিই ছিলেন এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার। বার্সেলোনায় নিজের শেষ মৌসুমে ১৯ গোল এবং তার আগের মৌসুমে ৪২ গোল করেছিলেন তিনি।
গোল করা ও করানোর ক্ষেত্রে অনন্য চিলির তারকা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মন্ট্রিয়লে। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ৯ বছর মাঠ কাঁপানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো এবার লিওনেল মেসির সতীর্থ হিসেবে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচ খেলা এই তারকা কাতার বিশ্বকাপেও খেলেছেন এবং জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল করেছিলেন। মায়ামির সঙ্গে আগামী মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি হয়েছে কাসেমিরোর।
চলমান দলবদলে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জি রবার্তো নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। আর কলম্বাস ক্রুর রক্ষণভাগ শক্তিশালী করতে যোগ দিয়েছেন সাবেক ভিয়ারিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলি।
এমএলএসের ইতিহাসে দলবদলের বাজারে এমন তারকা সমাবেশ এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, কাকা ও দিদিয়ের দ্রগবার মতো তারকারা এখানে এসেছিলেন। গত বছরও বায়ার্ন মিউনিখের জার্মান কিংবদন্তি টমাস মুলার যোগ দেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে এবং রেকর্ড ২ কোটি ৬৫ লাখ ডলারে টটেনহাম ছেড়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে যান সন হিউং-মিন। এ বছরের শুরুতে মিনেসোটা ইউনাইটেডে নাম লেখান কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজও। তবে ২০২৩ সালে মেসির সঙ্গে সার্জিও বুসকেতস ও জর্দি আলবার ইন্টার মায়ামিতে আগমন মার্কিন ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে এই তালিকায় আর কোনো বড় নাম যুক্ত হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে খেলেছেন ৯১ ম্যাচ।.কাসেমিরোর সঙ্গে চুক্তি আপাতত আগামী মৌসুমের শেষ পর্যন্ত।
আপনার মতামত লিখুন :