Facebook Twitter Instagram YouTube

দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ /
দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী রোববার ৬ সেপ্টেম্বর থেকে দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। এই সফরকে ঘিরে ঠাকুরগাঁও জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরের প্রথম দিন রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর ওই দিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফর নিয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু জানান, মহামান্য রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। এলাকাবাসী তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh