
দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে এবং বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার ইতিবাচক পরিবেশ তৈরির কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার সক্রিয় রয়েছে। তার লক্ষ্য হলো বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের শক্তিশালী কেন্দ্রে পরিণত করা। একইসঙ্গে উৎপাদন, সেবা ও রপ্তানি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে সরকারের। তিনি জানান, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে, যার অগ্রাধিকার তালিকায় রয়েছে জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা। সরকার এখন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
সামাজিক সুরক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে সরকারি সেবা সহজলভ্য করা হচ্ছে এবং ভবিষ্যতে ‘ইউনিভার্সেল কার্ড’-এর মাধ্যমে সমন্বিত সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে, যার ৮০ শতাংশই হবেন নারী। তারা তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেবেন। এছাড়া শিক্ষা খাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে জোর দেয়া হবে এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা হবে।
কৃষিকে অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি, সেচ ও কৃষি অর্থায়নের পাশাপাশি বাজার সংযোগ সহজ করার উদ্যোগ নেয়া হচ্ছে। পানি নিরাপত্তার জন্য আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ চলছে। পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা এবং সৌরবিদ্যুতের ব্যবহার ও বর্জ্য পুনর্ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক ও আর্থিক সমর্থন প্রয়োজন। বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত এই সংলাপে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক ও তিন শতাধিক ডেলিগেট অংশ নিচ্ছেন। এবারের সংলাপের প্রতিপাদ্য হলো ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’।
আপনার মতামত লিখুন :