Facebook Twitter Instagram YouTube

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের আওতায় আজ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুল বা বাসার আশপাশে যেকোনো জায়গায় হতে পারে। তিনি শিশুদের পরামর্শ দিয়ে বলেন, গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে, তা ইন্টারনেট ঘেঁটে গবেষণা করতে। তিনি আশা প্রকাশ করেন, প্রতি বছর একটি করে গাছ রোপণ ও এ বিষয়ে নতুন তথ্য জানার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির সাথে যুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং ক্লান্তির সময় বিশ্রামের সুযোগ তৈরি করবে। একইভাবে বাসায় রোপণ করা গাছ বড় হলে সুন্দর বাতাস পাওয়া যাবে এবং পরিবেশ শীতল থাকবে। দিনটিকে স্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin