Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ /
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনাল মানেই উত্তেজনা, আবেগ ও ইতিহাসের এক নতুন অধ্যায়। এবার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ ম্যাচের চার দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

এবারের সেমিফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। ৩৯ বছর বয়সী মেসি চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি এখন পর্যন্ত আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছেন। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা সবসময়ই বিশেষ। তিনি বলেন, ক্যারিয়ারে ইংল্যান্ড ছাড়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছি, তাই এই ম্যাচটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। ১৯৮৬ সালের ঐতিহাসিক ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমান দল হিসেবে তারা প্রতিটি ম্যাচেই নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার চেষ্টা করছেন এবং সেরাটা দিয়েই ফাইনালে ওঠার লক্ষ্য তাদের।

অন্যদিকে, ইংল্যান্ডের ৩২ বছর বয়সী অধিনায়ক হ্যারি কেইনও চমৎকার ফর্মে আছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয়টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেসিকে আটকানোর কৌশল সম্পর্কে কেইন বলেন, এটি কেবল লিওনেল মেসির বিপক্ষে ম্যাচ নয়, বরং শক্তিশালী আর্জেন্টিনা দলের বিপক্ষে ইংল্যান্ডের লড়াই। মাঠের বাইরের ইতিহাস নিয়ে না ভেবে কোচ টমাস টুখেলের অধীনে দল নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে তিনি জানান।

দুই অধিনায়কের খেলার ধরন ভিন্ন হলেও দলের জন্য তাদের গুরুত্ব সমান। একদিকে মেসির সামনে আরও একটি বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ, অন্যদিকে কেইনের সামনে ইংল্যান্ডকে দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালে তোলার স্বপ্ন। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কার হাতে যাবে, তার উত্তর মিলবে আটলান্টার মহারণে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy