Facebook Twitter Instagram YouTube

৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের পদযাত্রা


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ / ০
৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের পদযাত্রা

চলমান দুর্যোগ, টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ছয় দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান দুর্যোগ, জলাবদ্ধতা ও সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি, আবার অনেকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ, প্রশ্নে ভুল থাকলে পূর্ণ নম্বর প্রদান এবং মূল্যায়নে বিশেষ বিবেচনার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh