
দেশের বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে সাজানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও কোমলমতি শিক্ষার্থীদের আবেগ ও উচ্ছ্বাস প্রমাণ করে যে একজন সঠিক নেতা রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থাকে এমনভাবে নতুন করে গড়ে তোলা হবে যেন শিক্ষার্থীরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠতে পারে।
শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যার ওপর নির্ভরশীল না রেখে মানবিক মূল্যবোধ ও আদর্শে গড়ে তোলার ওপর জোর দেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মেধার স্বাধীন বিকাশের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, শিক্ষার্থীরা যে বিষয়ে পড়তে বা ক্যারিয়ার গড়তে আগ্রহী, সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন রূপকল্পের অংশ হিসেবে আজ দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছ রোপণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে রেকর্ড সময়ে ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আগামীতে ‘প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’ আয়োজনে সরাসরি পৃষ্ঠপোষকতা করার আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :