Facebook Twitter Instagram YouTube

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরমের তীব্রতা


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ২:০২ অপরাহ্ণ /
আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরমের তীব্রতা

দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ৩০ ও ৩১ আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা গরমের অস্বস্তি কমিয়ে আনতে সহায়ক হবে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই আবহাওয়ার পূর্বাভাস কার্যকর করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতিও একই রকম থাকবে।

৩০ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩১ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh