
হিমালয়ের পাদদেশে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপাল ও প্রতিবেশী চীনের তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন।
ভয়াবহ এই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ওই অঞ্চলে আরও একটি বিধ্বংসী বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিভাগের প্রধান চিয়াংগং ঝাং এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, নেপাল-চীন সীমান্তের একটি নদীর উজানে এখনো ধ্বংসাবশেষের বিশাল বাধা রয়ে গেছে। এই বাধা ভেঙে গেলে আবারও বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে পুরো অঞ্চল।
নেপাল-তিব্বত সীমান্তের সাম্প্রতিক এই বিপর্যয় ঝুঁকির নতুন মাত্রা উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ ধস, আকস্মিক বন্যা এবং পাহাড়ি নদীতে ধ্বংসাবশেষের প্রবল স্রোত যদি একসঙ্গে তৈরি হয়, তবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
আপনার মতামত লিখুন :