Facebook Twitter Instagram YouTube

সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধে রিজভীর আহ্বান


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ / ০
সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধে রিজভীর আহ্বান

ফ্যাসিবাদের শাসনামলে সড়ক পরিবহন খাতে যে দীর্ঘস্থায়ী নৈরাজ্য ও চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছিল, তা বন্ধ করে সাধারণ মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেন যে, পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি এই খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে এবং শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা নির্মূলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি প্রত্যাশা করেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সোচ্চার থাকবে এবং সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা ও যাত্রীসেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিবহন খাতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, নতুন নতুন আইডিয়া ও পরিকল্পনার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি আইনসম্মত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin