
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের ও সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে। স্থানীয় মনসুর গ্রুপের সদস্য হিসেবে পরিচিত জিল্লুর রহমান গোলাগুলির ঘটনায় নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সরল বেড়িবাঁধসংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রজেক্ট দখলকে কেন্দ্র করে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের একাধিক দল বর্তমানে জড়িতদের গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :