
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের তদন্ত অনুযায়ী, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওতে আঞ্চলিক পরিচালক পদের জন্য আবেদন করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার ভুয়া তথ্য ব্যবহার করেছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, তিনি প্রকৃতপক্ষে সেখানে শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি ও পর্যালোচনার মতো কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এসব মিথ্যা তথ্যের ভিত্তিতে তিনি নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে।
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ২০২৫ সালের ২০ মার্চ দুটি আলাদা মামলা দায়ের করেছিল দুদক। প্রথম মামলাটি ডব্লিউএইচওর নিয়োগে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে, আর দ্বিতীয়টি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে করা হয়। তদন্তে উঠে এসেছে যে, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, যা রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেছে।
দুদকের দাবি, মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ পাওয়ার এই কর্মকাণ্ড দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। তবে এই অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
আপনার মতামত লিখুন :