Facebook Twitter Instagram YouTube

বিদ্যুৎহীন শিবচরবাসীর পাশে আছি: এমপি হানজালা


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
বিদ্যুৎহীন শিবচরবাসীর পাশে আছি: এমপি হানজালা

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরেও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে শিবচরবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ফেসবুক বার্তায় এমপি হানজালা উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বিদ্যুৎ নিয়ে অভিযোগ আসছে এবং এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, 'শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।'

সাঈদ উদ্দিন আহমাদ হানজালা আরও জানান, বিদ্যুৎ ঘাটতির এই সমস্যাটি কেবল শিবচরের নয়, বরং এটি একটি দেশব্যাপী সমস্যা। সরকার এই ঘাটতি পূরণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 'মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে সবার জীবনই কঠিন হয়ে পড়ে। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক এবং মানুষ স্বস্তি ফিরে পাক।'

পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়ে তিনি জানান, তার টিম প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সার্বিক খোঁজখবর নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy